পোরশায় অবৈধ বোয়াল মাছের পোনা জব্দ, এতিমখানায় বিতরণ
- আপডেট সময় : ০২:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নিতপুর পুরাতন বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা বোয়াল মাছের পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে নিয়মিত বাজার মনিটরিং ও বিশেষ অভিযানের অংশ হিসেবে নিতপুর পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকজন অসাধু ব্যবসায়ী বাজারে দেশীয় প্রজাতির বোয়াল মাছের ছোট পোনা বিক্রি করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা মাছ ফেলে পালিয়ে যায়। পরে বাজার থেকে প্রায় ৫ কেজি বোয়াল মাছের পোনা জব্দ করা হয়।
জব্দকৃত মাছ বিনষ্ট না করে মানবিক উদ্যোগ হিসেবে উপজেলার একটি এতিমখানায় বিতরণ করা হয়, যাতে এতিম শিশুরা পুষ্টিকর খাবার হিসেবে তা গ্রহণ করতে পারে।
অভিযান পরিচালনাকারী সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী বলেন, “দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে ছোট মাছ বা পোনা নিধন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জব্দকৃত মাছ নষ্ট না করে আমরা এতিমখানায় বিতরণ করেছি, যাতে তা জনকল্যাণে ব্যবহৃত হয়।”
অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাজার কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বাজারের ক্রেতারা। তারা দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।















