ঢাবিতে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘লিটারেচার সম্মাননা-২০২৬’ উদযাপন
- আপডেট সময় : ০৭:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনভিত্তিক সাহিত্য সংগঠন গুলোর সমন্বয়ে গঠিত অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘লিটারেচার সম্মাননা-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি,কবি ও পুষ্টিবিদ ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক মো: আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান আলোচক ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মো: মোসলেহ উদ্দিন, কবি, সংগঠক ও সাংবাদিক মো: বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, কবি ও সংগঠক মো: আমির হোসেন, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ, কবি ও গবেষক মো: বেলায়েত হোসেনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্য সংগঠক, কবি, লেখক, সাহিত্য-সারথী, সংবাদকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে সাহিত্য ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি সাহিত্য সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া তাৎক্ষণিক কবিতা রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজন কবিকে সম্মাননা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে লিটারেচার সাহিত্য সম্মাননা, মানবিক ব্যক্তিত্ব সম্মাননা, সব্যসাচী লেখক সম্মাননা এবং সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।
এদিন সদ্য প্রকাশিত দুটি গ্রন্থ—‘জীবন নদীর বাঁকে’ এবং ‘আগুনের শহর’—এর মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে উপস্থিত অতিথিরা গ্রন্থ দুটির লেখকদের শুভেচ্ছা -শুভকামনা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে নতুন লেখকদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সাহিত্যচর্চাকে গতিশীল, সুসংগঠিত ও দেশব্যাপী বিস্তৃত করতে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করে সৃজনশীল সাহিত্যচর্চা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক বিকাশে সংগঠনটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, কবি, কথাসাহিত্যিক ও সংগঠক মো: আমিনুল ইসলাম এবং সমন্বয়ক নাসরীন আক্তার নীলা। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনটি দেশের বিভিন্ন অঞ্চলের সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণে উৎসবমূখর আবহে মিলনমেলায় পরিণত হয়।















