নওগাঁর পোরশায় হাতি দিয়ে চাঁদাবাজি ও পথচারীদের হয়রানি, অতিষ্ঠ এলাকাবাসী
- আপডেট সময় : ০৮:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলায় নোচনাহার–শিশা আঞ্চলিক সড়কে হাতি ব্যবহার করে পথচারী ও যানবাহন থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
সোমবার (২৭ জুলাই, ২০২৬) সরেজমিনে নোচনাহার থেকে শিশা অভিমুখী সড়কে দেখা যায়, এক মাহুত হাতি নিয়ে সড়কের মাঝখানে অবস্থান করছেন। এ সময় সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে টাকা দাবি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, টাকা না দেওয়া পর্যন্ত হাতি দিয়ে পথ আটকে রাখা হয়। কিছু ক্ষেত্রে টাকা দিতে দেরি হলে হাতিকে ব্যবহার করে পথচারীদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয় পথচারী ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই ব্যস্ত সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করেন। তাঁদের অভিযোগ, মাহুত ও তার সহযোগীরা হাতিকে ব্যবহার করে নিয়মিতভাবে অর্থ আদায় করছেন। এতে সাধারণ মানুষ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সড়কে কৃত্রিম যানজট সৃষ্টি হয়ে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
একাধিক ভুক্তভোগী জানান, “জরুরি কাজে বের হলেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। হাতি দিয়ে ভয় দেখানো হলে অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে দেন। আমরা প্রশাসনের কাছে দ্রুত এ ধরনের চাঁদাবাজি বন্ধ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
সচেতন মহলের মতে, বন্যপ্রাণীকে এভাবে ব্যবহার করে জনদুর্ভোগ সৃষ্টি করা এবং সড়কে জোরপূর্বক অর্থ আদায় করা আইনবিরোধী। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।















