ময়মনসিংহে যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই প্রতিরোধে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৭ জুলাই) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সহযোগিতায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দমোহন কলেজ রোড, মেছুয়া বাজার ও ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পারভেজ (২৫), রফিকুল ইসলাম (৩৫), মো. আহাদ (২০), মো. সাগর ওরফে হৃদয় হোসেন (২৩), মো. বাপ্পি (৪৯), মো. আমিরুল (৩৫), মনিরুজ্জামান ওরফে মনির (৩৮), রিপন চন্দ্র দে (৩৪), মো. বিপুল মিয়া (৩০) এবং মো. সবুজ মিয়া (২৫)-কে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা কার্যক্রম চলমান থাকবে।
এছাড়া কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে দ্রুত কোতোয়ালী মডেল থানায় বা নিকটস্থ পুলিশ সদস্যদের জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।















