উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা
- আপডেট সময় : ০৬:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পোরশা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া, যা সর্বমহলে পোরশা বড় মাদ্রাসা নামে পরিচিত। দীর্ঘ কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটি কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষার প্রসার, আদর্শবান আলেম-ওলামা গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী কওমি শিক্ষাপ্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও সুপরিচিত দ্বীনি শিক্ষা কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে। দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো শিক্ষার্থী এখানে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য অধ্যয়ন করে। প্রতিষ্ঠানটিতে হিফজুল কুরআন, কিরাআত, কিতাব বিভাগ, ইফতা, তাফসির, হাদিসসহ কওমি শিক্ষার বিভিন্ন স্তরে পাঠদান করা হয়।
শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং ইসলামি আদর্শে সুশিক্ষিত নাগরিক তৈরিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখান থেকে শিক্ষা গ্রহণকারী অসংখ্য আলেম দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, খতিব, মুহাদ্দিস ও শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ঐতিহ্য, সুনাম ও শিক্ষার মান ধরে রেখে আল-জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া (পোরশা বড় মাদ্রাসা) আজও উত্তরাঞ্চলের দ্বীনি শিক্ষার অন্যতম আলোকবর্তিকা হিসেবে বিবেচিত।















