কাপাসিয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: ৫৫ বছরের বৃদ্ধ গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কাপাসিয়ায় ১০ বছর বয়সী এক শিশু কন্যাকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ হুমায়ূন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত হুমায়ূন কাপাসিয়ার বেলাশী গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে।
ভুক্তভোগী শিশু মানছুরা (১০) উপজেলার বেলাশী গ্রামের মোঃ মামুনের মেয়ে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সকাল ১১টা ৩০ মিনিটের দিকে শিশু মানছুরা টেলিভিশন দেখতে যায়। এ সময় অভিযুক্ত হুমায়ূন তাকে মিষ্টি কথায় ফুসলিয়ে চতুরতার সঙ্গে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে কাপাসিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ূনকে গ্রেফতার করে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগে ৩০ জুলাই কাপাসিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৫)(খ) ধারায় একটি মামলা (মামলা নম্বর: ৩৭, তারিখ: ৩০/৭/২৬) রুজু করা হয়েছে।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, “শিশুকে ধর্ষণের চেষ্টার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় একটি মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ কোনো ছাড় দেবে না।











