ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী
- আপডেট সময় : ০৮:১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে সলিমপুর ইউনিয়নে সার ডিলার নিয়োগের প্রাথমিক তালিকায় মো. নিজাম উদ্দিনের মালিকানাধীন মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান নাম অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
তার মালিকানাধীন অপর প্রতিষ্ঠান ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেডের বিরুদ্ধে অতীতে অবৈধ সার ও কীটনাশক উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া তদন্তের দাবি জানিয়েছেন মেসার্স সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী, ছলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. সোহেল রানা সুমন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাড়ইমারী আনন্দ বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে সোহেল রানা সুমন দাবি করেন, ২০২২ সালের ২৮ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের অভিযানে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছিল। নিজাম উদ্দিন উপজেলা কৃষি অফিসের কালো তালিকাভুক্ত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া, আবেদনকারীর যোগ্যতা এবং অতীতের অভিযোগগুলো যাচাইয়ের দাবি জানানো হয়। তদন্তে অনিয়ম বা অযোগ্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সোহেল রানা সুমন।
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা নয়। আমরা চাই, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ হানিফ, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম হোসেন মন্ডল, সামসুল সরদার, ওয়াসিম বাবু, ফজলু প্রাং, যুবদল নেতা রিপন, কবির মালিথাসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















