ঈশ্বরদীতে আ.লীগের নেতার ইজারাকৃত হাট গেল বিএনপি নেতার কাছে
- আপডেট সময় : ০২:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৩৭৪ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া হাটবাজারের মালিকানা হস্তান্তর করা হয়েছে। ১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর ভোলা ফকিরের বাড়িতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সমন্বয়ে এ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ১৪৩১ বাংলা সনের আওতাপাড়া হাটবাজারের ইজারা নেন সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল কুদ্দুস ফকির। গত আগস্টে সরকার পরিবর্তন ও ব্যাক্তিগত সমস্যার কারনে হাটের ইজারা আদায়ে ব্যাঘাত ঘটে। পরে হাট ইজারা মালিকদের (অন্য শরিক) পরামর্শে ১৪৩১ বাংলা সনের অবশিষ্ট সময়ের মালিকানা ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে একই ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের মানিক মৃধার ছেলে মক্কেল মৃধা ও তিলকপুর বাবুলচারা গ্রামের মকবুল হোসেন মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন জাকিরের নিকট হস্তান্তর করেন কুদ্দুস ফকির।
এসময় পূর্বের ইজারাদার কুদ্দুস ফকিরের প্রতিনিধি সাহাপুর ৩ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি ভোলা ফকির, বর্তমান ইজারাদার মক্কেল হোসেন, জাহাঙ্গীর হোসেন জাকির, সাহাপুর ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকাল উদ্দীন সরদার, আঃলীগ নেতা সেন্টু ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান খান লিটন, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু রহমান ,সাহাপুর ইউনিয়ন যুবদলের সদস সচিব মেহেদী হাসন নিশান সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
পূর্বের ইজারাদার কুদ্দুস ফকির জানান, ব্যাক্তিগত সমস্যার কারনে হাটের ইজারা তোলা সম্ভব হচ্ছে না। এজন্য অন্য শরিকদের পরামর্শে চলতি বছরের মালিকানা হস্তান্তর করে দিয়েছি। আমরা আমাদের চুক্তি অনুযায়ী ৬৫ লক্ষ ৫০ হাজার টাকা বুঝে পেয়েছি। হাটের সকল কাগজপত্র আমরা নতুন ইজারাদার মক্কেল ও জাকিরদের বুঝিয়ে দিয়েছি।
বর্তমান ইজাদার জাহাঙ্গীর হোসেন জাকির জানান, দুইপক্ষের উপস্থিতে মঙ্গলবার দুপুরে হাটের ইজারা হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র বুঝে পেয়েছি। আমরা আশা করি, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ সহ ঈশ্বরদী সর্বস্তরের মানুষ আমাদের হাট পরিচালনায় সহযোগিতা করবেন।




















