কোর্ট পুলিশের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা
- আপডেট সময় : ০৭:১৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভা করেছেন।
সভায় পুলিশ সুপার কোর্ট পুলিশে কর্মরত জিআরও (GRO) ও সিএসআই (CSI) কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় তিনি কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যকে বিচারপ্রার্থী সাধারণ মানুষের সঙ্গে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
পুলিশ সুপার বলেন, কোর্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। বিচারপ্রার্থী, আইনজীবী এবং আদালতের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে কোর্ট পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আদালত ও বিভিন্ন থানা-পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ক্ষেত্রেও কোর্ট পুলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
তিনি থানার আলামত যথাযথভাবে সংরক্ষণ ও নিষ্পত্তি, আসামি নিরাপদে পরিবহন, আদালতে আসামি উপস্থাপন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
সভা শেষে পুলিশ সুপার কোর্ট পুলিশের সদস্যদের জনসেবার মান আরও উন্নত করতে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।















