টানা ২০ ঘণ্টার বৃষ্টিতে নওগাঁ শহর জলমগ্ন, জনজীবনে চরম দুর্ভোগ
- আপডেট সময় : ০৮:৫৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
টানা প্রায় ২০ ঘণ্টার ভারী বর্ষণে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ। এর আগে গত ২৩ এপ্রিল ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে সিও অফিস এলাকা, নওগাঁ সরকারি কলেজ চত্বর, গোস্তহাটির মোড়, সুপারিপট্টি, চুরিপট্টি, বাটার মোড়, ডাবপট্টি, পুরাতন হাসপাতাল সড়ক, কাঁচাবাজার, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, বলিহার হাউস, কাজীপাড়া, সরিষাহাটির মোড়, জনকল্যাণ মোড়, মুক্তির মোড় ও কেডির মোড়সহ বিভিন্ন এলাকায় পানি জমে রয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতার কারণে বাটার মোড় ও সুপারিপট্টি এলাকায় যানজটের সৃষ্টি হয়। শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাঁটুসমান পানি মাড়িয়ে যাতায়াত করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনে জমে থাকা বর্জ্য এবং নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে অল্প বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
সিও অফিস এলাকার বাসিন্দা আকবর হোসেন বলেন, “সামান্য বৃষ্টিতেই শহরের সড়কে পানি জমে যায়। ড্রেন পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।”
সরিষাহাটির মোড়ের ব্যবসায়ী শাহীন আহম্মেদ বলেন, “ড্রেন থেকে নিয়মিত পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণ না করায় পানি দ্রুত নামতে পারে না।”
শহরবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব হবে।















