নওগাঁয় ছয় মাসে ২৫ লাশ উদ্ধার, সামাজিক অবক্ষয়ে উদ্বেগ
- আপডেট সময় : ০৭:১৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
চলতি বছরের প্রথম ছয় মাসে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় হত্যাকাণ্ড ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় মোট ২৫টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন সময়ে নওগাঁ সদর, মহাদেবপুর, মান্দা, আত্রাই, নিয়ামতপুর, পোরশা, রানীনগর ও ধামইরহাট উপজেলায় এসব ঘটনা ঘটে। অধিকাংশ ঘটনার পেছনে পারিবারিক কলহ, জমিজমা সংক্রান্ত বিরোধ, মাদক, দেনা-পাওনা, যৌতুক এবং ব্যক্তিগত দ্বন্দ্বকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
সমাজবিজ্ঞানী ও সচেতন মহলের মতে, পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, নৈতিক শিক্ষার অভাব, মাদকের বিস্তার এবং সামাজিক সচেতনতার ঘাটতির কারণে এ ধরনের অপরাধ বাড়ছে। তারা আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজভিত্তিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অধিকাংশ ঘটনা পারিবারিক ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে ঘটেছে। প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধ প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগই এ ধরনের অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।















