বদলগাছীতে যুবককে হাত-পা বেঁধে কোমরে পাঁচটি ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০৭:৪৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছী উপজেলায় এক যুবককে হাত-পা ও মুখ বেঁধে কোমরে পাঁচটি ইট বেঁধে ক্যানেলের পানিতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার মাতাজি রোডে নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. মর্তুজা হোসেন উপজেলার হারিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মর্তুজা হোসেনের হাত-পা ও মুখ বেঁধে কোমরে পাঁচটি ইট বেঁধে তাকে ক্যানেলের পানিতে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর ক্যানেলের ভেতর থেকে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা করেন। পরে গুরুতর অবস্থায় মর্তুজা হোসেনকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।















