রুয়েটের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ২০ সিরিজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ২০২০–২১ শিক্ষাবর্ষের (২০ সিরিজ) শিক্ষার্থীদের মধ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতে হলের কমন রুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্যের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে হলের সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক জাহিদ হাসান, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং হল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা হল জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষকবৃন্দ তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন,“বিশ্ববিদ্যালয় জীবনের মূল্যবান স্মৃতিগুলো আবাসিক হলকে ঘিরেই গড়ে ওঠে। এখানে অপরের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার যে বন্ধন তৈরি হয়েছে, তা তোমরা আজীবন ধরে রাখবে—এটাই আমার বিশ্বাস। রুয়েটে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ শুধু ব্যক্তিজীবনেই নয়, সমাজ ও দেশের কল্যাণেও তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, পেশাগত দক্ষতা ও মানবিকতার মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরবে। আমরা চাই, তোমরা সফল প্রকৌশলী, গবেষক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে অবদান রাখো। মনে রেখো, রুয়েট এবং এই হল সবসময়ই তোমাদের আপন ঠিকানা। আমরা হলের সুযোগ সুবিধা শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখে বৃদ্ধি করেছি, যেমন: হলে অটো প্রিন্টার, অটো ওয়াশিং মেশিন, এসি গেস্ট রুম, এসি রিডিং রুম, উন্নত কমন রুম, ভেন্ডিং মেশিন, কফি মেশিন, ঠান্ডা গরমের সুবিধাযুক্ত ওয়াটার ফিল্টার ইত্যাদি। তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রেরণা দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজীবন সম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে রুয়েটের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখারও আহ্বান জানান।
আনুষ্ঠানিক সংবর্ধনার পাশাপাশি দিনব্যাপী ছিল নানা আয়োজন। ক্যারাম, দাবা, ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে হল প্রাঙ্গণ। বিদায় উপলক্ষ্যে বর্ণিল সাজে সজ্জিত করা হয় হল চত্বর। এছাড়াও শিক্ষার্থীদের জন্য দুপুর ও রাতে বর্ণাঢ্য প্রীতিভোজের আয়োজন করা হয়।















