৩৭ বছরের শিক্ষকতা শেষে অবসরে পোরশা উপজেলার কালাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ
- আপডেট সময় : ০৬:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ মাস্টার দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব শরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মমিন, মজিবুর রহমান মাস্টার, মাইনুল, মসদুল, জাব্বার আলী, আব্দুর রাকিব, কালাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামউদ্দিন মাস্টার, আব্দুস সাত্তার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায় সংবর্ধনায় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা আব্দুল লতিফ মাস্টারের দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং তাঁর নিষ্ঠা, সততা ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
বিদায়ী বক্তব্যে আব্দুল লতিফ মাস্টার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “চরিত্র জীবনের অমূল্য সম্পদ। টাকা হারালে তা ফিরে পাওয়া সম্ভব, কিন্তু চরিত্র হারালে সব শেষ। তোমরা বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে।” তিনি আরও বলেন, “দেশ তোমাকে কী দিল, সেটা বড় কথা নয়; তুমি দেশকে কী দিলে, সেটাই বড় কথা।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সৎচরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষক সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।















