ট্রেন স্টপেজ পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার পর চালু হয়েছে পাবনা–ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। তবে নতুন ট্রেনের সূচিতে দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ঈশ্বরদীর দাশুড়িয়াতে স্টপেজ পুনর্বহালের দাবিতে বৃহস্প্রতিবার (১৯ নভেম্বর) বিকেলে দাশুড়িয়া রেল স্টেশনে মানবন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা সভাপতিত্বে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম ডালিকী, বিএনপি মিডিয়া সেলের আনোয়ার হোসেন বাচ্চু, ডক্টর আব্দুল মজিদ মালিথা, সাংবাদিক হাবিবুর রহমানসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা জানান, উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত দাশুড়িয়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র। দাশুড়িয়া ছাড়াও মাজপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, দাপুনিয়া, সলিমপুর, মুলাডুলি, সাহাপুর, লক্ষ্মীকুণ্ডা এবং দাশুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াতের জন্য এ স্টেশনের ওপর নির্ভরশীল।
এসব এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। অথচ নতুন ট্রেনের সূচিতে গুরুত্বপূর্ণ এ স্টেশনটি বাদ পড়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা ও জনস্বার্থ বিবেচনায় দাশুড়িয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা জরুরি। তাঁরা দ্রুত এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



















