নওগাঁয় শিশুর মুখে ট্রাফিক সচেতনতার বার্তা, পুরস্কৃত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিকিতা
- আপডেট সময় : ০২:২২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে নওগাঁর এক ট্রাফিক কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রশংসা কুড়িয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিকিতা।
জানা যায়, নিকিতা তার বাবার সঙ্গে ট্রাফিক কর্মকর্তার অফিসে গেলে কথোপকথনের এক পর্যায়ে কর্মকর্তা মজার ছলে তাকে বলেন, “তোমার বাবা ট্রাফিক আইন ভঙ্গ করেছেন, এখন কী করা যায়?” জবাবে ছোট্ট নিকিতা তাৎক্ষণিকভাবে তার বাবাকে হেলমেট পরিধান করে এবং ট্রাফিক আইন মেনে মোটরসাইকেল চালানোর পরামর্শ দেয়।
পরে নিকিতা উপস্থিত সবার সামনে পরপর দুটি কবিতা আবৃত্তি করে শোনায়। তার সুন্দর পরিবেশনায় মুগ্ধ হয়ে তাকে একটি ছোট্ট পুরস্কার প্রদান করা হয়।
এ সময় ট্রাফিক কর্মকর্তা নিকিতার বাবার সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি, নিরাপদে যানবাহন চালানোর গুরুত্ব এবং ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়েরই অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করা উচিত এবং সড়কের নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি দায়িত্বশীল ও আইন মেনে চলা প্রজন্ম তৈরি হবে। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।















