নওগাঁ জেলার মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ পলাতক অপর এক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মান্দা থানার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে দুই ব্যক্তি অবৈধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মান্দা থানার একটি অভিযানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশ মো. আব্দুল মতিন (৩২), পিতা- মো. সিরাজুল ইসলাম, মাতা- মোছা. রেজিয়া বিবি, গ্রাম- চক উমেদ মধ্যপাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁকে আটক করতে সক্ষম হয়। অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ তল্লাশি চালিয়ে আব্দুল মতিনের পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচা থেকে একটি সাদা পলিথিনে রাখা ৪০ পিস ট্যাপেন্টাডল ১০০ মি.গ্রা. ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো চারটি পাতায় সংরক্ষিত ছিল এবং পাতাসহ মোট ওজন ১৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১২,০০০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুল মতিন এবং পলাতক অপর আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।















