পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযানে গ্রেফতার ‘ভুয়া ডিবি সুমন
- আপডেট সময় : ০৭:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ছিনতাইকারী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ভুয়া ডিবি সুমন’কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এক ভুক্তভোগী নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করেন, তার বলিহার বাজারে একটি ওষুধের দোকান রয়েছে। গত ২ জুলাই ২০২৬ তারিখে দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে দুবলহাটি বাজারে তার ভাগ্নের হাঁসের খামারের উদ্দেশ্যে রওনা হন। ইন্টিতলা মোড় পার হয়ে প্রায় ২০০ গজ এগিয়ে গেলে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার গতিরোধ করে। পরে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং বিষয়টি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) প্রেরণ করেন। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে নওগাঁ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের দলনেতা ও কুখ্যাত সন্ত্রাসী *‘ভুয়া ডিবি সুমন’*কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, সুমন নিজেকে সর্বত্র ‘ডিবি সুমন’ নামে পরিচয় দিত। ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সে বিভিন্ন সময় বলত, “আমি একজন ডিবিকে মেরেছি, তাই আমার নাম ডিবি সুমন।”
গ্রেফতারের পর জেলা গোয়েন্দা শাখায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ভুয়া ডিবি সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি, মাদকসহ প্রায় ১০টি মামলা বিভিন্ন থানায় বিচারাধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, ছিনতাইকারী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















