বদলগাছীতে পিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামে পিকনিকে ব্যবহারের জন্য কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে আহত হওয়ার পাঁচ দিন পর মীর ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ মা-ছেলেসহ এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে।
নিহত মীর ইসমাইল হোসেন উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পিকনিকে ব্যবহারের জন্য কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত মা-ছেলেসহ দুই আসামিকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।















