বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান
- আপডেট সময় : ১১:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে চিরতরে কবর দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, যত বেশি ষড়যন্ত্র করা হবে, তত বেশি প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা জামায়াত-শিবিরের রাজনীতির মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি চিরদিনের জন্য কবর দেওয়া হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন নতুন করে স্বাধীনতাবিরোধী শক্তি তারেক রহমানকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আরও বলেন, প্রতিকূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন। নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পাবনা জেলার উন্নয়ন প্রসঙ্গে হাবিব বলেন, তিনি নিজে এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, রেলগেটে ফ্লাইওভার নির্মাণ এবং যমুনা সেতু নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনির সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল ও সদস্যসচিব মনির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্যসচিব ইমরুল কায়েস সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।



















