ঈশ্বরদীতে ভূমি অফিসে চুরি করতে এসে যুবক আটক, সন্দেহের তীরে সাবেক অফিস সহায়ক
- আপডেট সময় : ০১:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে
ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ভূমি অফিসে চুরি করতে এসে এক যুবক আটক হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় দাশুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে এ চুরির ঘটনা ঘটে।
চুরি করতে এসে মালামালসহ জনতার হাতে আটক হয় যুবক। আটককৃত ওই যুবক নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার দোগাছী গ্রামের হেজাম উদ্দিনের ছেলে হাসিবুর রহমান (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরী করার সময় দাশুড়িয়া হাটপাড়ার স্থানীয় বাসিন্দা গৌতম চোরকে দেখতে পায়,পরে লোকজন ডেকে চোরকে ল্যাপটপ ও মনিটরসহ আটক করে। পরবর্তীতে পুলিশে খবর দিয়ে চুরিকৃত মালামালসহ চোরকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চুরি করতে আসা আটককৃত হাসিবুর রহমান উপস্থিত জনতার এক প্রশ্নের জবাবে বলেন, তাকে এই চুরি করতে সহায়তা করেছে দাশুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সাবেক অফিস সহায়ক আরিফ।
এ বিষয়ে জানতে দাশুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সাবেক অফিস সহায়ক আরিফকে মুঠো ফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
দাশুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার মোতাহার হোসেন বলেন, চুরির বিষয়ে এখানে যা হয়েছে সব কিছু থানায় আমার বলা আছে। এ ব্যাপারে আমার কোন কথা নাই।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, চোরকে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করে মামলা দিয়ে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















