ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনায় জুবায়ের হোসেন বাপ্পী
- আপডেট সময় : ১০:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঈশ্বরদী পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এরই মধ্যে মেয়র পদে আলোচনায় উঠে এসেছে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুবায়ের হোসেন বাপ্পির নাম।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা এবং মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে বাপ্পি তৃণমূলে আলোচিত একজন নেতা। বিশেষ করে দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি তাঁর পক্ষে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বিএনপির একাংশ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নিয়েই প্রার্থী বাছাই করা হবে।
স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, দীর্ঘদিন মাঠে থাকা পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হলে দলের তৃণমূল আরও সক্রিয় হবে। সুবিধাবাদী বা হঠাৎ দলে সক্রিয় হওয়া নেতাদের পরিবর্তে যাঁরা দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন, তাঁদের মূল্যায়ন করা প্রয়োজন।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতাও বাড়ছে। দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও কেন্দ্র থেকে কঠোর বার্তা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঈশ্বরদী পৌরসভা নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে জুবায়ের হোসেন বাপ্পির নাম তৃণমূলে আলোচনায় এলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, সেটিই এখন মূল বিষয়।
স্থানীয় নেতাকর্মীদের মতে, মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতা, দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে দলীয় মনোনয়ন ও নির্বাচনী কৌশল সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাপ্পিকে সম্ভাব্য প্রার্থী হিসেবেই দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।









