ধান ও চাল উৎপাদনে দেশের শীর্ষ জেলা নওগাঁয় এখানকার সুগন্ধি চালের দামে আগুন, কেজিতে বেড়েছে ৮০ টাকা
- আপডেট সময় : ০৭:৪৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
ধান ও চাল উৎপাদনে দেশের শীর্ষ জেলা নওগাঁ। এখানকার উৎপাদিত সুগন্ধি চালের বিশেষ কদর রয়েছে সারা দেশের খুচরা ও পাইকারি বাজারে। তবে গত কয়েক সপ্তাহে নওগাঁর চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সুগন্ধি (আতপ) চালের দাম এক লাফে কেজিপ্রতি ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।
নওগাঁ শহরের বৃহত্তম খুচরা চাল বাজার ঘুরে দেখা গেছে, গত তিন সপ্তাহে প্রায় সব ধরনের সরু চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া কাটারি চালের শর্টার ও নন-শর্টার—উভয় ধরনের দামই কেজিতে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। আগে ৭৬ টাকা কেজি বিক্রি হওয়া কাটারি চাল এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। স্বর্ণা-৫ জাতের চালের দাম ২ টাকা বেড়ে ৫১ টাকা এবং বিআর-২৮ চাল ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি (আতপ) চালের দাম। মাত্র দুই সপ্তাহ আগে যে চালের কেজি ছিল ১২০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে কেজিপ্রতি ৮০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে।
চালের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড় এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিন বলেন, “গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ১৩ কেজি আতপ চাল কিনতে এসেছিলাম। বাজারে এসে দেখি কেজিতে ৭০ থেকে ৮০ টাকা দাম বেড়ে গেছে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে আমরা দিশেহারা হয়ে পড়েছি।”
খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, বড় কিছু চালকল এবং করপোরেট প্রতিষ্ঠানের মজুত ও বাজার নিয়ন্ত্রণের কারণেই চালের দাম বেড়েছে। তবে মিল মালিক ও ব্যবসায়ী নেতাদের দাবি, সরকারি পর্যায়ে চাল রপ্তানি এবং ধানের ক্রয়মূল্য বেড়ে যাওয়ায় চালের বাজারে এর প্রভাব পড়েছে।
এদিকে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিংয়ের কথা বলা হলেও বাস্তবে তার কার্যকর উপস্থিতি না থাকায় ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত বাজার তদারকি জোরদার করে চালের মূল্য স্থিতিশীল করার দাবি জানিয়েছেন ক্রেতারা।















