নওগাঁর নিয়ামতপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নৃত্যের ভিডিও ভাইরাল, শুরু হয়েছে আলোচনা-সমালোচনা
- আপডেট সময় : ০৬:৫৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসুদেবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে নৃত্য পরিবেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলাশ আলী নিজের মোবাইল ফোনে শিক্ষার্থীদের নৃত্যের ভিডিও ধারণ করেন। পরে তিনি সেটি নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন। সেখান থেকে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেক সচেতন অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে প্রশ্ন তুলেছেন, “যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার কথা, সেখানে বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের নাচ-গানের ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশ কতটা সমীচীন?”
এদিকে, স্থানীয়দের একাংশের দাবি, ভিডিওটি প্রকাশের পর বিদ্যালয়ের ভাবমূর্তি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে এবং এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, কেউ কেউ এটিকে বিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবেও দেখছেন। তাদের মতে, প্রেক্ষাপট বিবেচনা না করে শুধু ভিডিও দেখে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।















