নওগাঁর মান্দায় বন্ধের দ্বারপ্রান্তে গাড়ীক্ষেত্র ইসলামিয়া দাখিল মাদরাসা, এমপিওভুক্তির দাবিতে স্থানীয়দের আকুতি
- আপডেট সময় : ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র ইসলামিয়া দাখিল মাদরাসা দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানটি কার্যত বন্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। আর্থিক সংকট, শিক্ষক সংকট এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার অভাবে একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ অনেকটাই প্রাণহীন হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠার পর থেকে মাদরাসাটি এলাকার অসংখ্য শিক্ষার্থীকে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সুযোগ করে দিয়েছে। কিন্তু দীর্ঘ ২৭–২৮ বছর ধরে এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা কোনো বেতন-ভাতা ছাড়াই নিষ্ঠার সঙ্গে পাঠদান করে প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। অথচ আর্থিক অনিশ্চয়তার কারণে বর্তমানে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে মাদরাসাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। এতে এলাকার শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং স্থানীয় শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে।
তাই মাদরাসাটিকে পুনরায় সচল রাখতে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান, শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা এবং দ্রুত এমপিওভুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা মান্দা উপজেলার সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের বিশ্বাস, প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও এমপিওভুক্তি নিশ্চিত হলে গাড়ীক্ষেত্র ইসলামিয়া দাখিল মাদরাসা আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে এবং এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।















