নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান
- আপডেট সময় : ০৮:০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার হাটর থেকে খোদাবক্সের মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। রোববার সকালে এলাকাবাসীর একটি পক্ষ কাজের মান নিয়ে প্রশ্ন তুলে মানববন্ধন করলেও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় রাস্তাটির কাজ চলাকালীন নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কিছু লোক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। তবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ও স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সিডিউল এবং নির্ধারিত নিয়ম মেনেই রাস্তার কাজ সম্পন্ন হচ্ছিল। মূলত কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকল্পের কাজ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি এবং পরিবেশকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে মান্দা উপজেলা এলজিইডি (LGED) অফিসের উপ-সহকারী প্রকৌশলী এবং দুইজন সহকারী ফিল্ড অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এসময় পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনের উপস্থিতিতে তারা স্থানীয়দের সাথে আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে স্থানীয়রা প্রকল্পের কাজের মান এবং সিডিউলের বিষয়টি বিস্তারিত বুঝতে পারলে তাদের ভুল ধারণা ভেঙে যায়।
প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়দের আশ্বস্ত করেন যে, প্রকল্পের কাজ শুরু থেকেই সিডিউল এবং স্পেসিফিকেশন মোতাবেক চলমান রয়েছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট রয়েছেন। কর্মকর্তাদের সরাসরি তদারকি ও বলিষ্ঠ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং কর্মসূচি তুলে নেন।
এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিরা জানান, সাময়িক ভুল বোঝাবুঝি এবং একটি কুচক্রী মহলের পরিকল্পিত উস্কানিতে প্রকল্পের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করার জন্য এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। তবে উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা সরেজমিনে এসে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করার পর পরিস্থিতি শান্ত হয়।
বর্তমানে ঠিকাদার মোঃ মনিরের তত্ত্বাবধানে এবং কার্য সহকারী মোঃ হাবিবুর রহমান ও মোঃ ফিরোজ হোসেনের তদারকিতে পুনরায় যথাযথ নিয়ম মেনে কাজ চলমান রয়েছে। বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন, কাজের গুণগত মান বজায় রাখতে তাদের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।









