নওগাঁ পুলিশ লাইন্সে মেস, এমটি শাখা ও হাসপাতাল আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার
- আপডেট সময় : ০৭:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
- নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আকস্মিকভাবে পুলিশ লাইন্সের মেস, এমটি (মোটর ট্রান্সপোর্ট) শাখা এবং পুলিশ লাইন্স হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট শাখাগুলোর সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে সেবার মানোন্নয়ন ও সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ লাইন্স মেস পরিদর্শনের সময় তিনি সদস্যদের জন্য প্রস্তুতকৃত খাদ্যের গুণগত মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা এবং সার্বিক সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে এমটি শাখা পরিদর্শন করে সরকারি যানবাহনের রক্ষণাবেক্ষণ, ব্যবহার, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। এ সময় তিনি সরকারি যানবাহন সর্বদা সচল ও কর্মক্ষম রাখার পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এরপর পুলিশ লাইন্স হাসপাতাল পরিদর্শনকালে তিনি চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি অসুস্থ পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য আন্তরিক, দ্রুত এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের প্রতিটি পর্যায়ে পুলিশ সুপার দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন এবং শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ, সেবার মানোন্নয়ন এবং কর্মপরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নত করা এবং জনগণকে আরও কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে এ ধরনের আকস্মিক পরিদর্শন ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















