নওগাঁ সদর থানা ও ডিবি পুলিশের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের বিশেষ ব্রিফিং
- আপডেট সময় : ০৭:১৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
নওগাঁ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভা করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার নওগাঁ সদর মডেল থানা ও ডিবিতে কর্মরত এসআই, এএসআইসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের প্রধান উপায় হলো সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা। তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে আইনানুগ, মানবিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ করতে হবে এবং দ্রুততম সময়ে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। পুলিশ সদস্যদের নিজেদের দায়িত্ব পালনে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধ দমনে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি দলগত সমন্বয় ও পেশাদারিত্বের মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নওগাঁ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।















