পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানার বিশেষ অভিযান: মাদকসহ ১২ আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:১৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানার উদ্যোগে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানার পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় ১০ লিটার চোলাই মদসহ ৩ জন, ৭ দশমিক ৫ লিটার চোলাই মদসহ ১ জন এবং ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আদালতের পরোয়ানাভুক্ত আরও ২ জন আসামিকে আটক করা হয়েছে।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মহাদেবপুর থানার বিশেষ অভিযানে মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















