পোরশায় ভেঙে যাওয়া সেতুর বিকল্পে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সেতু নির্মাণ
- আপডেট সময় : ০৯:৫০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলার পাঁচড়াই খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙে থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে খাল পারাপার করতে বাধ্য হচ্ছিলেন।
এ অবস্থায় ভোগান্তি লাঘব করতে স্থানীয় গ্রামবাসী নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালের ওপর একটি বাঁশের সেতু নির্মাণ করেছেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এ অস্থায়ী সেতু দিয়ে বর্তমানে পথচারীরা চলাচল করছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় তারা বাধ্য হয়েই এ উদ্যোগ গ্রহণ করেছেন। তবে বাঁশের সেতুটি অস্থায়ী হওয়ায় বর্ষাকালে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ভেঙে যাওয়া সেতুর স্থানে একটি টেকসই ও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবে।















