পোরশায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, ১৮টি অবৈধ রিংজাল জব্দ
- আপডেট সময় : ০৯:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে পুনর্ভবা নদী থেকে ১৮টি নিষিদ্ধ অবৈধ রিংজাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে পুনর্ভবা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব্যবহৃত ১৮টি রিংজাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ এবং নদীতে অবাধে মাছের বিচরণ বজায় রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে। মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।















