মান্দায় খালে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের টেংরা খালে গোসল করতে নেমে মমতাজ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামের টেংরা খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মমতাজ হোসেন ওই গ্রামের মৃত আজমতুল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মমতাজ হোসেন গোসল করতে টেংরা খালে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ পর খালের পাশের রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাল থেকে তুলে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।















