রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্নহত্যা
- আপডেট সময় : ১২:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হেলেনাবাদ সরকারি কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত পুলিশ সদস্য হলেন— মো. আমিনুল ইসলাম (৩৯)। তিনি নওগাঁর মান্দা উপজেলার জোঁকাহাট শিবনগর এলাকার মৃত আজিম উদ্দিন প্রামানিকের ছেলে। আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এএসআই হিসেবে কর্মরত ছিলেন তিনি। আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আশরাফুল আলম বলেন, হেলানাবাদ এলাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করতেন আমিনুল। সেখানে তিনি আত্মহত্যা করেন। ভোর সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ( রামেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল আলম আরও বলেন, ‘ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার পূর্বের কোনো নোট পাওয়া যায়নি। লাশ পুলিশ লাইনে রাখা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।















