রাজশাহীতে পালিত হচ্ছে পল্লী বিদ্যুতের শাটডাউন কর্মসূচী
- আপডেট সময় : ০২:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২০ কর্মকর্তাকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে রাজশাহীর বিভিন্ন উপজেলায় পল্লী বিদ্যুতের শাটডাউন কর্মসূচী চলছে। বৃহস্পতিবার বিকেল থেকে কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে ।
পল্লী বিদ্যুৎ সমিতির তানোরের বিভাগীয় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামাল হোসেন জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবেন । তা ছাড়া দাবি আদায়ের জন্য সারা দেশের কর্মীরা ঢাকাতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন।
কামাল হোসেন আরও বলেন, দেশের ৬৪টি জেলায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে। এসব সমিতিতে কর্মরত আছেন ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।
তাঁরা সারা দেশের ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করেন। দেশের মোট গ্রাহকের হিসাবে এটি প্রায় ৮০ শতাংশ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ বোর্ডের কাছে কিছু দাবি জানিয়ে আসছিলেন। দাবি আদায়ে প্রায় ১০ মাস ধরে তাঁরা আন্দোলন করছিলেন। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন এমন ২০ জন কর্মকর্তাকে গতকাল বুধবার (১৬অক্টোবর) চাকরিচ্যুৎ করা হয়েছে।
তিনি আরো বলেন, চাকরিচ্যুত ২০ জনই কর্মকর্তা। তাঁদের মধ্যে পাঁচজন মহাব্যবস্থাপক (জিএম) রয়েছেন। আজ তাঁরা চাকরিচ্যুতির বিষয়টি জানতে পারেন। এরপর এই আদেশ প্রত্যাহার ও তাঁদের আগের দাবি আদায়ে তাঁরা পল্লী বিদ্যুৎ শাটডাউন রাখার মতো কর্মসূচি গ্রহণ করেছেন। তাঁরা ঢাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছেন। আগামী রোববার থেকে এ কর্মসূচি চলবে বলে তিনি জানান।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র রায় বলেন, বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে খবর পাচ্ছি। ইতিমধ্যে কয়েকটি উপজেলায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ চালু করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোথাও চালু করতে পারিনি।
বিদ্যুৎ বন্ধের বিষয় জানতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব হাসিনার যোগাযোগ করা হইলে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ শাটডাউন করে দেওয়া হচ্ছে বলে খবর পাচ্ছি। বিদ্যুৎ চালু করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। মাঠপর্যায়ের সমিতির অফিসগুলো এ নিয়ে কাজ করছে।










