জলঢাকায় শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়।
- আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৩৯৯ বার পড়া হয়েছে
ছাত্র-জনতা গণঅভ্যুত্থান পরবর্তী সময় রাস্ট্র সংস্কার ও মেরামতের কেন্দ্রীয় কর্মসূচি ৩১ দফা দাবিতে জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের সাধারন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ।
সোমবার (২১ অক্টোবর) জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া নেতৃত্বে জেলা ছাত্রদল সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, জলঢাকা সরকারি ডিগ্রী কলেজ শাখা আহ্বায়ক আবু সাইয়েদ শাকিল সহ ছাত্রদল নেতারা মতবিনিময়ে অংশ নেন।
জলঢাকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময়ে শিক্ষার্থীরা অংশ নেন। এসময় সাধারন শিক্ষার্থীরা বলেন,আমরা একটা প্রভাববিস্তারমুক্ত ক্যাম্পাস চাই। যেখানে সকল দল সুষ্ঠুভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে। ক্যাম্পাসে সুস্থ ও শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে। লেজুরবৃত্তি ছাত্ররাজনীতি চাই না।
বিগত সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক চর্চার সমালোচনা করে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, ছাত্রলীগ জোর করে শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে বাধ্য করতো। আমরা এই চর্চা আর চাই না। শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারে। যারা রাজনীতিতে অংশ নিতে চান না তারা যেন সেই স্বাধীনতাটাও ভোগ করতে পারেন। সর্বোপরি আমরা সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস চাই। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া শিক্ষার্থীদের মতামতের সাথে ঐক্যমত পোষণ করে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট বার্তা হলো ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ধারায় পরিবর্তন এসেছে। পূর্বের সংস্কৃতি পরিবর্তন হয়েছে।
আগামীর ছাত্ররাজনীতি কেমন হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। শিক্ষার্থীরা যেমন রাজনীতি দাবি করবে ক্যাম্পাসে তেমন রাজনীতি চর্চা হবে। এজন্যই আমাদের মত বিনিময়। মত বিনিময় শেষে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এসময় তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন ছাত্রদল নেতারা।
























