ক্রয়মূল্যে সবজি বিক্রি করে সাড়া ফেলেছে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন
- আপডেট সময় : ১০:৩৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে
সাতকানিয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের আয়োজনে তরি-তরকারি,বিভিন্ন রকমের শাক ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রয়মূল্যে বিক্রি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।
সবজির দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামলেন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। কর্মসূচীর ধারাবাহিকতায় ২৮ অক্টোবর সোমবার সকাল থেকে সাতকানিয়ার কেরানীহাট উলামিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজারের সামনে ক্রয়মূল্যে শাক-সবজি বিক্রয় কর্মসূচী শুরু করেন। ওই সময় দেখা গেছে অসংখ্য ক্রেতার ভীড়।
কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, সাথে ছিলেন, উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন । কর্মসূচি পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর, সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন, অর্থ সম্পাদক ফাহাদ ইবনে হাশেম, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আ.শ.ম. গিয়াস উদ্দীন, সিনিয়র সদস্য সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইরফান, সিনিয়র সদস্য মোরশেদ, রোখন প্রমুখ।
কর্মসূচি সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব উদ্দীন বলেন, আমাদের মূল উদ্দেশ্য অসাধু সিন্ডিকেট ভেঙে দেওয়া, সাধারণ মানুষের মাঝে ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে এনে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা।
সাতকানিয়ার ঢেমশা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, আমি সামান্য একটা দোকান করে পরিবার চালাই, রীতিমতো সবজির লাগামহীন দাম বাড়াতে সবজির বাজারে যেতেও ভয় লাগে। সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এমন মহতি উদ্যোগ নেওয়াতে আমি অল্প টাকায় অনেক বাজার নিতে পেরেছি। এ যেন পুরো সাতকানিয়া-লোহাগাড়াবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
ক্রয়মূল্যে সবজি বিক্রয় করায় সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন কে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
























