রাজশাহীতে সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৩:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে
সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারীর প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ ঘটিকার পর এ বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর টিকাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে আবারও একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির যুগ্ন- আহ্বায়ক ও সাবেক রাসিক কাউন্সিলর বজলুল হক মন্টু বলেন গত ৫ই আগস্টের পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারাদেশে বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি করে আসছেন, বিএনপির নেতাকর্মীরা যেন শান্ত থেকে দলের পুণর্গঠনে কাজ করে।
বিএনপির কোন নেতাকর্মীর দ্বারা যেন দেশের কোন মানুষ লাঞ্ছিত না হয়। তিনি আরো বলেন কিছু ব্যক্তি বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁজাবাজি ও মাদক ব্যবসা করে চলছে নগরীতে। এই গ্রুপটি ৫ই আগস্টের আগে আওয়ামীলীগের সাথে আঁতাত করে বিভিন্ন অপকর্ম করেছে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বড় বিএনপি হয়ে গেছে। এখন বিএনপির নাম ভাঙিয়ে তারা বিভিন্ন অপকর্ম করছে।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে আরো বলেন, যারা বিএনপির নামে চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ড করতে আসবে, তাদেরকে তাৎক্ষণিক বেঁধে রেখে পুলিশে খবর দিবেন। পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার জন্যই আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ । রাজশাহীর মাটিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না।
























