মদনে আবু তাহের আজাদ চেয়ারম্যান যোগদানে কাইটাইল ইউনিয়ন পরিষদে স্বস্তি
- আপডেট সময় : ০৪:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়ন পরিষদে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চেয়ারম্যান আবু তাহের আজাদ এর যোগদানের মধ্য দিয়ে।
২৪ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নিকট শপথ গ্রহণের পর, ২৫ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদে যোগদান করেন। যোগদানের প্রথম দিনেই সকল সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে কার্যক্রম শুরু করেন তিনি।
এতে ইউনিয়ন পরিষদে যেন নতুন প্রাণ ফিরে আসে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটায় ইউনিয়নবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের ছোঁয়া।
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবু তাহের আজাদকে মাত্র ৩২ ভোট কম দেখিয়ে ফলাফল ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন সরকারপন্থী মহল ফ্যাসিবাদী কায়দায় জোরপূর্বক ওই ফলাফল চাপিয়ে দিয়েছিল। এ ঘটনায় তিনি হাইকোর্টে পুনর্গণনার মামলা দায়ের করেন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ভোট গণনা শেষে তাকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়।
আবু তাহের আজাদ দীর্ঘদিন ধরেই এলাকায় সামাজিক উন্নয়ন, শিক্ষা, অবকাঠামো ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। ফলে তার যোগদানকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে কাজের গতি ফেরার পাশাপাশি স্থানীয় জনগণের প্রত্যাশা বেড়ে গেছে।
ইউনিয়ন পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেছেন , আবু তাহের আজাদের নেতৃত্বে কাইটাইল ইউনিয়ন পরিষদ আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
আবু তাহের চেয়ারম্যান তার মনের অনুভূতি প্রকাশ করে বলেন , আমার হাতে যতটুকু সময় আছে তার সঠিক ব্যবহার করব । সকল মেম্বারদের সাথে মতবিনিময় করে ও জনগণ কে পাশে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করে যাব । তিনি সকলের সহযোগিতা , সমর্থন ও দোয়া আশির্বাদ কামনা করেন ।
























