বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত, আহত বোন
- আপডেট সময় : ০৮:২৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেল প্রায় ৪টার দিকে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের লোলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পারিয়া ইউনিয়নের বানাগাঁও গ্রামের ধীরেন সিংহের স্ত্রী সুধো বালা (৩৭) এবং তার সন্তান সার্জেন সিংহ (২৬)। আহত হয়েছেন একই ইউনিয়নের বিনত সিংহের স্ত্রী মেজানি রানী, যিনি নিহত সুধো বালার বোন।
স্বজনরা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুই বোন সার্জেন সিংহের মোটরসাইকেলে করে পীরগঞ্জ যাচ্ছিলেন। পথে লোলপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুধো বালার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সার্জেন সিংহ ও মেজানি রানী।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথেই ছটফট করে সার্জেন সিংহ মারা যান। মেজানি রানী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সার্জেন সিংহের হেলমেটও ভেঙে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























