কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- আপডেট সময় : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
কর্মসংস্থান সৃষ্টি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নওগাঁয় প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে নওগাঁ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২১ জন অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করছে। তিনি বিতরণকৃত সেলাই মেশিন যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য উপকারভোগী নারীদের প্রতি আহ্বান জানান।
























