নওগাঁ জেলার মান্দা উপজেলায় স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে নির্দেশ দিলেন এমপি ডা. টিপু
- আপডেট সময় : ১০:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাসনিম হুসাইন আরিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য মহসীন আলী, বিএনপি নেতা আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ডা. ইকরামুল বারী টিপু বলেন, একজন রোগী সুস্থ হওয়ার প্রত্যাশা নিয়ে হাসপাতালে আসেন। তাই চিকিৎসা দেওয়ার পাশাপাশি রোগীদের সঙ্গে সম্মানজনক, মানবিক ও বন্ধুসুলভ আচরণ নিশ্চিত করা প্রত্যেক স্বাস্থ্যকর্মীর নৈতিক ও পেশাগত দায়িত্ব। রোগীদের সঙ্গে দুর্ব্যবহার বা অবহেলার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, একজন নার্স কেবল চিকিৎসাসহযোগী নন, তিনি একজন সেবিকা। তাঁর আচরণ, দায়িত্বশীলতা ও সহমর্মিতা রোগীর মানসিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নার্সদের আচরণে আন্তরিকতা ও মমত্ববোধের প্রতিফলন থাকতে হবে।
এমপি ডা. টিপু হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, কোনো রোগী যেন অযথা হয়রানি বা ভোগান্তির শিকার না হন। চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি, ওষুধের সঠিক ব্যবস্থাপনা, হাসপাতালের পরিচ্ছন্নতা, জরুরি বিভাগের কার্যক্রম সচল রাখা এবং রোগীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে সেবার মান উন্নয়নের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসেবাকে সত্যিকারের জনবান্ধব করতে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট, অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সরবরাহ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উত্থাপিত বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
























