ধামইরহাটে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারে হামলা: প্রধান অভিযুক্ত গ্রেফতার
- আপডেট সময় : ০১:০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই পুলিশ সুপারের তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রধান অভিযুক্ত মো: তাকমিম হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসা ছাত্রীকে অভিযুক্ত তাকমিম হোসেন উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়েই ভুক্তভোগীর পরিবারকে হামলার শিকার হতে হয়। অপরাধীর এমন দুঃসাহসিক কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সাথে সাথেই পুলিশ সুপার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি তাকমিম হোসেনকে গ্রেফতার করে।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে।
ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
























