রুয়েটে চাকরির মহামঞ্চ; শুরু
- আপডেট সময় : ১০:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের কর্পোরেট জগতের সঙ্গে সংযুক্ত করা, দক্ষতা বিকাশ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে রুয়েট ক্যারিয়ার ফোরাম (আরসিএফ) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ১১তম আরসিএফ ক্যারিয়ার ফেয়ার। শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করা হয়। আগামী ১১ জুলাই আয়োজনটির সমাপনী অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। সকাল ৯টায় ফিতা কাটা ও বেলুন উড়িয়ে ক্যারিয়ার ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। পরে তিনি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, রুয়েট ক্যারিয়ার ফোরামের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি বলেন, “এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট সংস্কৃতি, চাকরির বাজারের চাহিদা এবং পেশাগত দক্ষতা সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পাচ্ছেন। একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্প ও কর্মক্ষেত্রের কার্যকর সংযোগ স্থাপনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।” পাশাপাশি তিনি এ আয়োজনের জন্য রুয়েট ক্যারিয়ার ফোরাম এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের ক্যারিয়ার ফেয়ারে অংশ নিয়েছে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্প ও কর্পোরেট প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে Walton, BSRM, PRAN Group, RFL Group, MGI, Navana, Echologyx Ltd., Orbeetal, Sigma Oil Industries Ltd., Mentors এবং Nextzen Civil। এছাড়া Avian BPO & IT টাইটেল স্পন্সর, Jamuna TV ও RUET Reporters Unity মিডিয়া পার্টনার, Majar Hobby Electronics টেকনিক্যাল পার্টনার, Ryze গেমিং পার্টনার এবং Tasty Treat ফুড পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে পৃথকভাবে আবেদন করার সুবিধাও রাখা হয়েছে, ফলে শিক্ষার্থীরা একটি প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারছেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন।
আয়োজনের অংশ হিসেবে ২০২৪–২৫ এবং ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ট্রেজার হান্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ‘ব্যালেন্স বল রান’ ও ‘রিচ দ্য গোল’-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক গেম অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করার পাশাপাশি রুয়েট ক্যারিয়ার ফোরামের সদস্যপদ প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল বিসিএস বিষয়ক ক্যারিয়ার সেমিনার। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও ৪৫তম বিসিএস (প্রশাসন ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত মো. রাইসুর রহমান রাব্বি, যন্ত্রকৌশল বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও ৪৬তম বিসিএস (রেলওয়ে ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত মো. হাসিবুল হাসান সিফাত এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪৭তম বিসিএস (পুলিশ ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত রিফাত হুসাইন আকন্দ পুলক।
সেমিনারে বক্তারা বিসিএস প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি এবং সরকারি চাকরিতে সফল হওয়ার বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, ক্যারিয়ার ফেয়ারের দ্বিতীয় ও শেষ দিনেও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম, সিভি সংগ্রহ, কর্পোরেট ইন্টারঅ্যাকশন এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম চলবে। তাদের প্রত্যাশা, এ আয়োজন রুয়েট শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা ও সম্ভাবনাকে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর সামনে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























