মহাদেবপুরে গ্রামবাসীর হাতে ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ০১:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নম্বর চেরাগপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন স্থানীয় গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন রোগের চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে টেস্ট রিপোর্ট ও ওষুধের কথা বলে অর্থ আদায় করছিলেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে মহাদেবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জিয়া সাইবার ফোর্স নওগাঁ মহাদেবপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রিকন হোসেন রিকো বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।
অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত সহকারী কমিশনার (ভূমি)-কে ঘটনাস্থলে পাঠান। পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শুনানি শেষে অভিযুক্তকে ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
























