বিশ্ব বসতি দিবসে পাবনায় পরিকল্পিত নগরায়ণের তাগিদ
- আপডেট সময় : ১২:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে পাবনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। অপরিকল্পিতভাবে বাড়িঘর ও স্থাপনা নির্মাণের ফলে জলাবদ্ধতা, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব দপ্তর ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের সুযোগ তৈরি করা এবং শহরের খেলার মাঠ, জলাশয় ও উন্মুক্ত স্থান সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল বসতি গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, নিরাপদ আবাসন শুধু মানুষের মৌলিক প্রয়োজন নয়, এটি মানুষের মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনযাপনের অন্যতম ভিত্তি। তাই পরিকল্পিত আবাসন, নিরাপদ সড়ক, সুপেয় পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যাপ্ত সবুজ স্থান নিশ্চিত করে পাবনাকে আরও বাসযোগ্য করে তুলতে হবে।
উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। জাতিসংঘের উদ্যোগে পালিত এ দিবসের মূল লক্ষ্য হলো সবার জন্য পর্যাপ্ত ও নিরাপদ আবাসন এবং টেকসই নগর ও মানব বসতি নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। ২০২৬ সালের আন্তর্জাতিক পর্যায়ের মূল বার্তাও সবার জন্য পর্যাপ্ত আবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে।





















