যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই ও চালককে শ্বাসরোধে হত্যা, ৮ ঘণ্টায় গ্রেফতার ৪
- আপডেট সময় : ০৫:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমানকে (১৮) হত্যার ঘটনার রহস্য মাত্র আট ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল তিন আসামি এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে এক দোকানি সহ মোট চারজনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। অভিযানে নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: ১. আছকান মিয়া (২৭): পিতা- মৃত নিজাম মিয়া, গ্রাম- কোজারগাঁও (২নং ওয়ার্ড, ৬নং একাটুনা ইউনিয়ন)। ২. আমিন আলী (৪৫): পিতা- মৃত আছদ্দর মিয়া, গ্রাম- বড়বাড়ি সোনাপুর। ৩. সোহেল মিয়া (৩২): পিতা- মৃত কুতুব মিয়া, গ্রাম- সিংকাপন (৬নং একাটুনা ইউনিয়ন)। ৪. আঃ মোসাব্বির (২৮): পিতা- মৃত মোতুজা উল্লা, গ্রাম- মোস্তফাপুর। (গ্রেফতারকৃত সবার বাড়ি মৌলভীবাজার সদর থানা এলাকায়)
নিহত হাবিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় একটি অজ্ঞাতনামা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হাবিবুরের পরিচয় শনাক্ত করে।
মরদেহ উদ্ধারের পরপরই মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় হাবিবুরের অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আছকান মিয়া, আমিন আলী ও সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বড়হাট এলাকার ‘আবিদা স্টোর’ নামক একটি ব্যাটারির দোকান থেকে ছিনতাই হওয়া চারটি ব্যাটারি উদ্ধার করা হয় এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে দোকানি আঃ মোসাব্বিরকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল ১০টার দিকে আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশাটি ভাড়া করে বড়বাড়ি সোনাপুর এলাকায় আসামি আমিন আলীর বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা আমিন ও আছকান কৌশলে হাবিবুরকে আটকে ফেলে। পরে আছকান ফোনে অপর আসামি সোহেলকে ডেকে আনে। সোহেল আসার পর তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে তাকে হত্যা করে। হত্যার পর মরদেহটি আমিনের ঘরের একপাশে লুকিয়ে রাখা হয়।
পরবর্তীতে সোহেল ও আছকান অটোরিকশার চারটি ব্যাটারি খুলে নিয়ে বড়হাট এলাকার আবিদা স্টোরের মালিক আঃ মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে তারা ইয়াবা কিনে পুনরায় আমিনের বাড়িতে ফিরে আসে এবং তিনজন মিলে মাদক সেবন করে। এরপর ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গুম করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। অভিযানে আমিনের বাড়ির পাশ থেকে নিহতের স্যান্ডেল ও গলাবন্ধনী জব্দ করেছে পুলিশ।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের প্রত্যক্ষ নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ এবং কনস্টেবল পিন্টু চন্দ্র শীল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






















