কাঙ্ক্ষিত বাজেট জনবান্ধব হওয়ায় পোরশার নিতপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা
- আপডেট সময় : ০১:৫০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব নিতপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আয়োজিত সভায় বক্তারা বাজেটকে জনবান্ধব ও গণমুখী হিসেবে উল্লেখ করে দলের শীর্ষ নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম বলেন, “বিএনপি অতীতেও সব সময় জনগণের পাশে থেকেছে। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদান প্রদানের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, তারা সর্বস্তরের মানুষের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে বিশ্বাসী।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিল জাবেদ এবং সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বাবু।
১ নম্বর নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদল নেতা আব্দুর রাকিব, জাব্বার আলীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দলের সব স্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
























