কাহালুতে সড়ক উন্নয়নের নতুন উদ্যোগ, মুরইল ইউনিয়নে ইট সলিং কাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৪:২০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের অঘোরশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মহেশপুরমুখী সড়কের ইট সলিং নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব ও এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের শুভ সূচনা করেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ।
এ সময় কাহালু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য বকুল, মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি কুরবান আলী, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মঞ্জুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ মণ্ডল।
বক্তারা বলেন, সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে অতিথিরা নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
























