নওগাঁর মান্দায় ‘বৃক্ষমায়া’ পথিক/কৃষক শেডের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক বটগাছকে কেন্দ্র করে নির্মিত পথিক/কৃষক শেড ‘বৃক্ষমায়া’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে নির্মিত এ শেডের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
জানা গেছে, দিগন্তজোড়া ফসলের ক্ষেত ও চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের পাশে দীর্ঘদিন ধরে পথচারী ও কৃষকদের বিশ্রামের জন্য কোনো শেড না থাকায় জনসাধারণের ভোগান্তি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ঐতিহাসিক বটগাছের পাশে নির্মাণ করা হয়েছে ‘বৃক্ষমায়া’ নামের এ পথিক/কৃষক শেড।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “প্রাকৃতিক সৌন্দর্য ও প্রায় ৪০০ বছরের ঐতিহাসিক বটতলাকে কেন্দ্র করে এ স্থানটি ভবিষ্যতে পর্যটকদের জন্য একটি নতুন আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। পাশাপাশি ‘বৃক্ষমায়া’ পথিক/কৃষক শেড স্থানীয় কৃষক, পথচারী ও দর্শনার্থীদের জন্য স্বস্তির জায়গা হিসেবে কাজ করবে।”
























