ভূরুঙ্গামারীতে এইচএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ছাত্র শিবিরের হেল্প ডেস্ক, প্রশংসায় অভিভাবকরা
- আপডেট সময় : ০২:৩২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এইচএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ হিসেবে হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে স্থাপিত এই হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানির বোতল, সেলাই কিট, কলম, পেন্সিল এবং প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন জরুরি উপকরণ বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক মো. আব্দুল হাকিম বলেন, “ছাত্র শিবিরের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আজ প্রচণ্ড গরমের মধ্যে তারা আমাদের ও আমাদের সন্তানদের বিশুদ্ধ পানি, সেলাইসহ প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতা করছে। এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, “আমরা সবসময় ছাত্রবান্ধব কার্যক্রম পরিচালনার চেষ্টা করি। সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনের সময় পাশে থাকা এবং তাদের জন্য উপকারী কিছু করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, পরীক্ষার্থীদের সুবিধার্থে এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ পরীক্ষার পরিবেশকে আরও স্বস্তিদায়ক করেছে। মানবিক এ কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেক অভিভাবক ও শিক্ষার্থী।
























